বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ইতিবাচক বার্তা দিয়েছেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারম্যান নানা আকুফো-আডো। বৃহস্পতিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে তিনি বলেন, ভোট শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে—“এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে।”
তিনি আশা প্রকাশ করেন, দিনের বাকি সময়ও একই ধারা বজায় থাকবে। তার মতে, বাংলাদেশ যদি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ থাকে, তবে তা শুধু দক্ষিণ এশিয়া বা দক্ষিণ-পূর্ব এশিয়া নয়, পুরো বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাবে।
কমনওয়েলথ পর্যবেক্ষক দলে চেয়ারম্যানসহ মোট ১৩ জন সদস্য রয়েছেন, যারা এশিয়া, আফ্রিকা, ক্যারিবীয় অঞ্চল, ইউরোপ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এসেছেন। রাজনীতি, নাগরিক সমাজ, নির্বাচন ব্যবস্থাপনা, কূটনীতি ও আইনসহ বিভিন্ন পেশাগত পটভূমি রয়েছে তাদের।
দলটি ১৪ ফেব্রুয়ারি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে। তারা ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে নির্বাচন-পূর্ব পরিবেশ, ভোটের দিন ও পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করছে এবং ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে অবস্থান করবে।
নানা আকুফো-আডো যুবসমাজের অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার বড় অংশই তরুণ, তাই তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের তরুণদেরও অনুপ্রাণিত করবে।
















