নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ দ্য ক্রাউন–এ রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অভিনয়ের জন্য খ্যাত ব্রিটিশ অভিনেত্রী ক্লেয়ার ফয় জানিয়েছেন, একটি সংক্রমণের কারণে প্রায় পাঁচ বছর ধরে তার শরীরে পরজীবী ছিল। এ অভিজ্ঞতার পর থেকে তিনি ক্যাফেইন গ্রহণও বন্ধ করে দিয়েছেন।
একটি পডকাস্টে কথা বলতে গিয়ে ৪১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, বহু বছর আগে তার শরীরে পরজীবী সংক্রমণ হয়েছিল। তিনি জানান, তখন অকারণে ওজন কমতে শুরু করে এবং কী হচ্ছে তা তিনি বুঝতে পারছিলেন না। তার ধারণা, মরক্কো সফরের সময় তিনি এই সংক্রমণে আক্রান্ত হন।
কতদিন তিনি এই সমস্যায় ভুগেছেন জানতে চাইলে ফয় বলেন, অন্তত পাঁচ বছর। তিনি জানান, এরপর তিনি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনেন, যার মধ্যে ক্যাফেইন পুরোপুরি বাদ দেওয়াও ছিল।
বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভ্যাস পরিবর্তন বা ক্যাফেইন বাদ দেওয়া পরজীবী সংক্রমণ সারিয়ে তোলে—এমন প্রমাণ নেই। তবে ক্যাফেইন আগে থেকে থাকা হজমজনিত সমস্যাকে বাড়িয়ে দিতে পারে, ফলে তা বাদ দিলে কিছু উপসর্গ কমতে পারে।
নিজের স্বাস্থ্য নিয়ে আরও কথা বলতে গিয়ে ফয় জানান, তিনি একটি আলাদা অটোইমিউন সমস্যায়ও ভুগছেন। সে কারণে তিনি গ্লুটেন ও চিনি প্রায় পুরোপুরি এড়িয়ে চলেন। তিনি মজা করে বলেন, এটি যেন তার বড় গোপন কথা প্রকাশ করার মতো।
ফয় জানান, বাইরে খেতে গেলে মাঝে মাঝে তিনি এসব খাবার খান, তবে নিয়মিত জীবনে প্রদাহ বাড়াতে পারে এমন খাবার এড়ানোর চেষ্টা করেন।
দ্য ক্রাউন–এ অভিনয়ের জন্য তিনি দুটি এমি পুরস্কার ও একটি গোল্ডেন গ্লোব জিতেছেন। এছাড়া তিনি উলফ হল, এ ভেরি ব্রিটিশ স্ক্যান্ডাল, উইমেন টকিংসহ একাধিক প্রশংসিত প্রযোজনায় অভিনয় করেছেন। সামনে তাকে দ্য ম্যাজিক ফারঅ্যাওয়ে ট্রি এবং স্যাভেজ হাউস নামের দুটি চলচ্চিত্রে দেখা যাবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফয় জানান, তরুণ বয়সে নানা শারীরিক সমস্যার কারণে তিনি ভাবতেন ৪০ বছরের বেশি বাঁচবেন না।
চিকিৎসাবিজ্ঞানে পরজীবী বলতে সাধারণত এমন জীবকে বোঝানো হয়, যারা মানুষের শরীরে বাস করে এবং ক্ষতি করে। এর মধ্যে কৃমি ও কিছু অন্ত্রের জীবাণু রয়েছে। এসব সংক্রমণ অনেক সময় ভ্রমণের সময় হয় এবং উপসর্গ দেখা দিতে দীর্ঘ সময় লাগতে পারে। অকারণে ওজন কমে যাওয়াও এর একটি লক্ষণ হতে পারে।
বিশেষজ্ঞরা জানান, অধিকাংশ পরজীবী সংক্রমণ গুরুতর নয় এবং ওষুধের মাধ্যমে সহজেই চিকিৎসা করা যায়। হাত ভালোভাবে ধোয়া, ফল ও সবজি পরিষ্কার করা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ পানি পান করার মাধ্যমে এ ধরনের সংক্রমণ অনেকটাই এড়ানো সম্ভব।
















