ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ; ভয়মুক্ত পরিবেশে ভোট নিশ্চিত করতে টহল, ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করবে। ভোটারদের নিরাপত্তায় টহল, গোয়েন্দা নজরদারি ও আধুনিক সরঞ্জাম ব্যবহারের ঘোষণা
সোমবার দুপুরে খাগড়াছড়ি সেক্টর সদর দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম। তিনি বলেন, ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তায় বডি অন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন ও আধুনিক রায়োট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করা হবে। পাশাপাশি ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন তিনি।
খাগড়াছড়ি সেক্টরের অধীনে ২৯৮ নম্বর আসনে মহালছড়িতে ৩ প্লাটুন, পানছড়িতে ৬ প্লাটুন, দীঘিনালায় ৫ প্লাটুন এবং সদর উপজেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া ২৯৯ নম্বর আসনের বাঘাইছড়িতে দায়িত্ব পালন করবে ১১ প্লাটুন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলায় ৮টি এবং বাঘাইছড়িতে ৬টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। বর্তমানে খাগড়াছড়ি সেক্টরের অধীনে ৫টি ব্যাটালিয়ন ২৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। নির্বাচনকে সামনে রেখে ৩০ জানুয়ারি থেকে নির্বাচনী এলাকায় নিয়মিত টহল চালানো হচ্ছে।
















