আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি পেলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান ক্রিকেট দল। রোববার দেশটির সরকার এক বিবৃতিতে জানায়, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ শ্রীলঙ্কার কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না।
বিবৃতিতে ম্যাচ বয়কটের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে ম্যাচে না খেললে পাকিস্তান দলকে দুই পয়েন্ট হারাতে হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়েই আগে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নিরাপত্তা ও লজিস্টিক জটিলতার কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপত্তির পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
পাকিস্তানের ঘোষণার পর আইসিসি এক বিবৃতিতে জানায়, বাছাই করা ম্যাচে অংশগ্রহণ প্রতিযোগিতার চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করে। আইসিসি জানায়, সরকারগুলোর জাতীয় নীতিগত ভূমিকার প্রতি সম্মান থাকলেও এমন সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট ও সমর্থকদের স্বার্থের পরিপন্থী। সংস্থাটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিক অবস্থান জানতে অপেক্ষা করছে।
আইসিসি আরও জানায়, এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে, যার অংশ ও উপকারভোগী পাকিস্তান নিজেও।
বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির বিরুদ্ধে দ্বৈত মানদণ্ডের অভিযোগ ওঠে। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ্যে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় এবং জানায়, এই সিদ্ধান্ত অন্যায়। বোর্ড চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেন, এক দেশের জন্য এক নিয়ম আর অন্য দেশের জন্য ভিন্ন নিয়ম হতে পারে না।
গত সপ্তাহে মহসিন নকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে জানানো হয়, বিশ্বকাপে পাকিস্তানের চূড়ান্ত অবস্থান নিয়ে সিদ্ধান্ত শুক্রবার বা পরবর্তী সোমবার নেওয়া হবে।
ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত ও পাকিস্তান ২০১২ সালের পর থেকে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি এবং কেবল বহুজাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়।
পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমাল সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর কারণে এমন কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন ছিল।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টি২০ বিশ্বকাপে ২০টি দেশ অংশ নিচ্ছে। পাকিস্তান গ্রুপ এ-তে ভারতের পাশাপাশি নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে। পাকিস্তানের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা।
ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করা হলে টুর্নামেন্টের আর্থিক দিকেও বড় প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, কারণ এই ম্যাচটি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি হিসেবে বিবেচিত।
















