সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয় থেকে বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির প্রজ্ঞাপন জারির পরপরই রোববার (১৯ অক্টোবর) এ ঘোষণা আসে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এক প্রতিক্রিয়ায় জানান, এই প্রজ্ঞাপন তাঁদের আন্দোলনের আংশিক সাফল্য হলেও দাবি পূর্ণ হয়নি। নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, “৫ শতাংশ বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না জারি হওয়া পর্যন্ত আমাদের সব কর্মসূচি চলবে।”
রোববার জাতীয় শহীদ মিনারে ৮ম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি অব্যাহত রাখেন শিক্ষক-কর্মচারীরা। তাঁরা দুপুর ১২টায় শিক্ষাভবনের দিকে ভুখা মিছিলের নতুন কর্মসূচিরও ঘোষণা দেন।
এর আগে সকালে অর্থ বিভাগ থেকে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা বৃদ্ধি পাবে। উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়, ছয়টি শর্ত সাপেক্ষে এই সুবিধা দেওয়া হবে এবং তা ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জানান, বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
















