চট্টগ্রাম বন্দরের সীমানায় কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় ১২০০ টন কাঁচামাল বোঝাই একটি জাহাজ ডুবে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে এমভি জায়ান নামের লাইটারেজ জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে শুক্রবার রাতে দুর্ঘটনায় পড়ে এবং শনিবার সকালে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি এলাকায় তলিয়ে যায়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে সিরামিক শিল্পের জন্য ব্যবহৃত ১২০০ টন বল ক্লে কাঁচামাল খালাস করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে এটি ডুবে যায় এবং সব মালামাল নষ্ট হয়ে যায়। তবে বন্দর চ্যানেল দিয়ে অন্য জাহাজের চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, “জাহাজটি বহির্নোঙর থেকে পণ্য খালাস শেষে ঢাকায় যাচ্ছিল। ডুবে যাওয়ার ঘটনায় পণ্যের সবটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বন্দর কার্যক্রমে কোনো সমস্যা নেই।”
জাহাজটির মালিক প্রতিষ্ঠান জায়ান শিপিং লাইন্সের অপারেশন কর্মকর্তা কাজী মোহাম্মদ শিবলু জানান, শুক্রবার রাত আটটার দিকে জাহাজটির স্টিয়ারিং কাজ করা বন্ধ করে দেয় এবং ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। রাতে সেটি স্থির রাখা হলেও সকালে তীরের দিকে আনার সময় জাহাজের অর্ধেকেরও বেশি অংশ পানিতে তলিয়ে যায়। তবে এতে থাকা ১৩ নাবিক সবাই নিরাপদে আছেন।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি বলেন, জাহাজটি নেভাল একাডেমির কাছে আসার পর বালুচরে আটকে তলায় ফাটল ধরে। এরপর তিনটি হ্যাচ দিয়ে পানি ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই জাহাজের প্রায় ৯০ শতাংশ অংশ পানিতে ডুবে যায়।
















