১৯ বছর পর রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান, জনসমাবেশ ঘিরে উৎসবের আমেজ
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে উত্তরাঞ্চলে ধারাবাহিক সফর, পাঁচ লাখ মানুষের সমাগমের আশা
নির্বাচনি প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে রাজশাহী ও নওগাঁয় আসছেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দান) আয়োজিত জনসমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এ সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
একই দিন বিকাল ৩টায় নওগাঁর এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত আরেকটি জনসভায় বক্তব্য দেবেন তিনি। দুই জেলায় তার আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বলেন, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ২৯ জানুয়ারি তারেক রহমান রাজশাহী, নওগাঁ ও বগুড়া সফর করবেন। এ সময় তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং জনগণের সামনে বিএনপির নির্বাচনি অঙ্গীকার তুলে ধরবেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৯ বছর পর রাজশাহীতে আসছেন তারেক রহমান। সর্বশেষ ২০০৬ সালে তিনি রাজশাহী জেলা স্টেডিয়ামে তৃণমূল বিএনপির কর্মশালায় অংশ নিয়েছিলেন। এবারের সফরকে কেন্দ্র করে রাজশাহীতে সাজসাজ রব, প্রস্তুত করা হয়েছে জনসভার মাঠ, সম্পন্ন হয়েছে সার্বিক আয়োজন। স্থানীয় নেতারা আশা করছেন, সমাবেশে প্রায় পাঁচ লাখ মানুষের উপস্থিতি হতে পারে।
নওগাঁর জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। রাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি এবং সেখানেই রাত্রিযাপন করবেন।
পরদিন ৩০ জানুয়ারি বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন তারেক রহমান। এছাড়া বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে পৃথক পথসভা শেষে গাবতলীর বাগবাড়ী পিতৃভূমিতে যাওয়ার কথা রয়েছে। ৩১ জানুয়ারি সকালে তিনি রংপুরের উদ্দেশে রওনা হবেন।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন উর রশিদ বলেন, জনসভা সফল করতে পাড়া-মহল্লায় সভা চলছে এবং ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হচ্ছে। মহানগর থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী সমাবেশে উপস্থিত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পুলিশের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান জানান, সমাবেশস্থল ও আশপাশে পোশাকধারী ও সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। শুধু মাঠের নিরাপত্তায় অন্তত ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
















