নিউজিল্যান্ডের উত্তর দ্বীপজুড়ে টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের পর একটি ক্যাম্পসাইটে নিখোঁজ হওয়া বেশ কয়েকজনের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি সেবাকর্মীরা। নিখোঁজদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে উত্তর দ্বীপের মাউন্ট মাউনগানুই এলাকায় একটি জনপ্রিয় হলিডে পার্কে ভূমিধসের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা ক্যাম্পারভ্যান ও একটি শাওয়ার ব্লক ধ্বংস হয়ে যায়। ঘটনার পরপরই একাধিক মানুষ নিখোঁজ হন।
নিউজিল্যান্ড রেডিও জানিয়েছে, গ্রীষ্মকালীন স্কুল ছুটির শেষ সপ্তাহে পর্যটকে ভরা ওই এলাকায় হঠাৎ ভূমিধস নেমে আসে। পাশের পাপামোয়া এলাকায় একটি বাড়িতে ভূমিধসের ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া অকল্যান্ডের উত্তরে মাহুরাঙ্গি নদী পার হওয়ার সময় বন্যার পানিতে একটি গাড়ি ভেসে যাওয়ার পর ৪৭ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে জানানো হয়েছে।
মাউন্ট মাউনগানুইয়ে উদ্ধার তৎপরতা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, এখনো জীবিত কাউকে উদ্ধারের আশা তারা ছাড়েননি। তবে নতুন করে ভূমিধসের আশঙ্কা থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
পুলিশের জেলা কমান্ডার সুপারিনটেনডেন্ট টিম অ্যান্ডারসন বলেন, জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। নিখোঁজের সংখ্যা এক অঙ্কের মধ্যে রয়েছে বলেও জানান তিনি।
ফায়ার ও জরুরি বিভাগের কমান্ডার উইলিয়াম পার্ক জানান, ধ্বংসস্তূপের ভেতর জীবনের কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছিল। স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপের ভেতর থেকে আওয়াজ শুনেছিলেন। তবে মাটি আবার সরে যাওয়ার ঝুঁকি থাকায় নিরাপত্তার কারণে উদ্ধারকারীদের সরে যেতে হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জরুরি ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারবিষয়ক মন্ত্রী মার্ক মিচেল বলেছেন, নিখোঁজদের মধ্যে শিশুও রয়েছে।
প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মাউন্ট মাউনগানুইসহ সারা দেশের পরিস্থিতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানি ও দূষণের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে চরম বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বিশ্বজুড়ে বাড়ছে। দূষণ কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে এমন ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি আরও ঘন ঘন দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
















