জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় সময় বেশি লাগার ইঙ্গিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোট গণনায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারের নির্বাচনে একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন, গণভোট (রেফারেন্ডাম) ও পোস্টাল ব্যালট থাকায় ভোট গণনা প্রক্রিয়া তুলনামূলকভাবে দীর্ঘ হতে পারে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, “এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট রয়েছে, রয়েছে পোস্টাল ব্যালটও। এসব কারণে ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে। এ বিষয়টি নিয়ে যেন গুজব না ছড়ায়, সে জন্য আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখা জরুরি।”
তিনি জানান, সম্প্রতি দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনায় বেশি সময় লাগায় নানা আলোচনা ও সমালোচনা হয়েছে। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনা সপ্তাহ পেরিয়ে যাওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এই অভিজ্ঞতার প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের ভোট গণনা নিয়েও মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল ও উদ্বেগ রয়েছে বলে মন্তব্য করেন প্রেস সচিব। তবে তিনি আশ্বস্ত করে বলেন, ভোট গণনা যত সময়ই লাগুক না কেন, প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
















