ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা শুরু আগামীকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. তাসনিম জারা। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামীকাল থেকেই তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে।
ঢাকা–৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ফুটবল প্রতীক সংগ্রহ করেছেন।
প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, গত কয়েক দিন ধরে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলার সময় একটি প্রশ্নই সবচেয়ে বেশি শুনেছেন—ব্যালট পেপারে তাকে কোন প্রতীকে পাওয়া যাবে। তিনি বলেন, “আজ সেই প্রশ্নের একেবারে পরিষ্কার উত্তর পেলাম। আমি নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি।”
তিনি আরও জানান, আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন শুরু করবেন। তার ভাষায়, “আমরা যে রাজনীতিটা সামনে দেখতে চাই—স্বচ্ছতা ও জবাবদিহির রাজনীতি—সেই ভিত্তিতেই আমাদের পুরো ক্যাম্পেইন পরিচালিত হবে।”
শেষে তিনি ঢাকা–৯ আসনের ভোটারদের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।
















