প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন প্রার্থীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হচ্ছে।
ইসির তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ২৯৮টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।
নির্বাচন কমিশনের বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা–১২ আসনে এবার সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী রয়েছে নারায়ণগঞ্জ–৪ আসনে, যেখানে প্রার্থী সংখ্যা ১৩ জন। সর্বনিম্ন প্রার্থী রয়েছেন দুইজন করে, তবে এবার কোনো আসনেই একক প্রার্থী নেই।
ইসি সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। নির্ধারিত সময়ে ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭২৬টি মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রথমে বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৫৮ জন। পরে প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৯৬৭ জনে।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।
স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
















