জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ভক্তদের কৌতূহল বাড়িয়েছেন। নিজের ইনস্টাগ্রামে কয়েকটি নান্দনিক ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে—সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।”
প্রভার এই লেখা মুহূর্তেই নজর কেড়েছে অনুসারীদের। তবে এই আবেগঘন বার্তাটি তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। ফলে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা।
পোস্ট করা ছবিগুলোতে প্রভাকে দেখা গেছে সফট প্যাস্টেল রঙের পোশাকে। হালকা গোলাপি ও সাদা রঙের সালোয়ার-কামিজ, খোলা চুল এবং গ্রেসফুল এথনিক লুকে ধরা দিয়েছেন তিনি। কখনো পার্কের পাশে বেঞ্চিতে বসে, আবার কখনো ফুলের কাছে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় প্রভা নিয়মিত নিজের ছবি ও বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তবে এবারের পোস্টের আবেগঘন ক্যাপশন আলাদা করে সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
অভিনয়ের পাশাপাশি নতুন কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন প্রভা। ফয়েজ আহমেদ রেজার পরিচালনায় ‘লুক আ লাইক’ নামের একটি ফিকশনে দেখা যাবে তাকে। কাজটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
প্রভার রহস্যময় এই বার্তার পেছনের কারণ জানা না গেলেও, তার ভক্তরা ভালোবাসা ও শুভকামনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন।
















