ঢাকায় ফ্ল্যাট কিনে দেওয়ার সিদ্ধান্ত সরকারের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারের আবাসন নিশ্চিতে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা বিশেষ অনুদান অনুমোদন দিয়েছে সরকার।
ঢাকা | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা
শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে রাজধানীতে স্থায়ী আবাসন দেওয়ার লক্ষ্যে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রয় ও তা সুসজ্জিত করতে এই অর্থ ব্যয় করা হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এ বিশেষ অনুদানের অনুমোদন দেয়। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় ও আইনগত তথ্য যাচাইয়ের শর্ত যুক্ত করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, গৃহায়ণ মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের ‘আবাসিক ভবন’ খাতে বরাদ্দ থাকা ছয় কোটি টাকা থেকেই এই অর্থ ব্যয় করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।
সরকারের এই সিদ্ধান্তকে হাদি হত্যাকাণ্ডের পর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
















