লুসাইলে মুখোমুখি আর্জেন্টিনা–স্পেন, ২৬–৩১ মার্চ কাতার ফুটবল ফেস্টিভ্যাল
২০২৬ বিশ্বকাপের আগে বিশ্বমানের প্রস্তুতির মঞ্চে ছয় দেশের লড়াই
চিরচেনা লুসাইল স্টেডিয়াম—যেখানে তিন বছর আগে বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করেছিলেন লিওনেল মেসি। সেই ঐতিহাসিক মঞ্চেই আবার ফিরছে ফুটবল রোমাঞ্চ। আগামী ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা, যেখানে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন–এর।
এই ম্যাচকে কেন্দ্র করে কাতারে আয়োজন করা হচ্ছে এক বিশাল ফুটবল উৎসব। কাতার লোকাল অর্গানাইজিং কমিটি জানিয়েছে, ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘কাতার ফুটবল ফেস্টিভ্যাল’। আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে আয়োজিত এই উৎসবে মোট ছয়টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফেস্টিভ্যালে আর্জেন্টিনা ও স্পেনের পাশাপাশি অংশ নেবে স্বাগতিক কাতার, সৌদি আরব, মিসর এবং সার্বিয়া। আন্তর্জাতিক উইন্ডোর কারণে প্রতিটি দলই তাদের পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামবে।
ফলে একই উৎসবে ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন মেসির পাশাপাশি বর্তমান সময়ের বিস্ময় বালক লামিন ইয়ামাল, মিসরের তারকা মোহাম্মদ সালাহ এবং সার্বিয়ার গোলমেশিন আলেকসান্দার মিত্রোভিচ–কে।
উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ফিনালিসিমা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। এরপর ৩১ মার্চ দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্বাগতিক কাতার। এছাড়া ৩০ মার্চ স্পেন খেলবে মিসরের বিপক্ষে।
এলওসি চেয়ারম্যান শেখ হামাদ বিন খলিফা আল থানি বলেন, ২০২৬ বিশ্বকাপের আগে জাতীয় দলগুলোর জন্য এটি প্রস্তুতির সেরা সুযোগ। একই সঙ্গে বিশ্বমানের ফুটবল অভিজ্ঞতা দেওয়ার কাতারের অঙ্গীকারেরই প্রতিফলন এই আয়োজন।
ফুটবলপ্রেমীদের জন্য টিকিট সংক্রান্ত প্রাথমিক তথ্যও জানানো হয়েছে। সাধারণ টিকিট বিক্রি শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। আর আন্তর্জাতিক সমর্থকদের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ পাওয়া যাবে ১ ফেব্রুয়ারি থেকেই।
















