সিইসিকে চিঠি দিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেন স্বতন্ত্র প্রার্থী আশাদুল
নির্বাচন কমিশন ভবনের সামনে আপিল শুনানির সময় মারধরের ঘটনাকে হালকাভাবে না নিতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন এক ‘ভীত-সন্ত্রস্ত’ স্বতন্ত্র প্রার্থী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে সংঘটিত মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-কে চিঠি দিয়েছেন টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আশাদুল ইসলাম।
চিঠিতে তিনি বলেন, গত ১৬ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি চলাকালে এক আপিলকারীকে প্রকাশ্য দিবালোকে মারধরের ঘটনা তাকে এবং তার পরিবারকে চরমভাবে আতঙ্কিত করেছে। ওই ব্যক্তি শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।
আশাদুল ইসলাম উল্লেখ করেন, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানার পর তিনি উপলব্ধি করেছেন—নির্বাচন কমিশনের সামনে যদি একজন আবেদনকারীকে এভাবে নির্মমভাবে মারধর করা হয়, তাহলে স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে, তা সহজেই অনুমেয়।
চিঠিতে তিনি বলেন, রাজনৈতিক দলের মতো সংগঠিত কর্মী বাহিনী না থাকায় স্বতন্ত্র প্রার্থীরা আরও বেশি ঝুঁকির মুখে পড়েন। নির্বাচনকালীন সময়ে প্রার্থী, তাদের কর্মী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত—এ কথা স্মরণ করিয়ে দেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী আশাদুল ইসলাম আরও অভিযোগ করেন, ঘটনার পর এখনো দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা দেশবাসী জানতে পারেনি। তার ভাষায়, নির্বাচন কমিশনের সামনে ঘটে যাওয়া এই ঘটনা কমিশনের জন্য একটি ‘পরীক্ষা’।
তিনি সতর্ক করে বলেন, এই ঘটনায় যথাযথ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশবাসী ও আন্তর্জাতিক মহলের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
চিঠির শেষাংশে আশাদুল ইসলাম সিইসির প্রতি আহ্বান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সার্বজনীনভাবে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন যেন দৃঢ় অবস্থান নেয়।
এর আগে একই ঘটনা নিয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
















