আকাশসীমা সুরক্ষা ও আধুনিক প্রশিক্ষণে গুরুত্বারোপ বিমানবাহিনী প্রধানের
বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। সম্মেলনে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন বিমানবাহিনী প্রধান।
বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মাহমুদ খাঁন, বিমানবাহিনী প্রধান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে উপস্থিত বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিমানবাহিনী প্রধান।
বক্তব্যে তিনি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমানবাহিনী-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
এ সময় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়িয়ে একবিংশ শতাব্দীর পরিবর্তিত নিরাপত্তা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বিমানবাহিনীর সব সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
বিমানবাহিনী প্রধান আশা প্রকাশ করেন, বাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনগুলোতে দেশসেবায় আরও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।
সম্মেলন শেষে বিমানবাহিনী প্রধান উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোকচিত্রে অংশ নেন।
















