গুলশানে চলন্ত গাড়িতে স্কচটেপে খাম লাগিয়ে পালানোর ঘটনায় জিডি, তদন্তে পুলিশ
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে একটি সাদা খাম স্কচটেপ দিয়ে লাগিয়ে দ্রুতগতিতে পালিয়ে গেছেন এক মোটরসাইকেল আরোহী। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর চলন্ত গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা তদন্ত করছে পুলিশ। বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় তারেক রহমান বুলেটপ্রুফ গাড়িতেই অবস্থান করছিলেন এবং সামনে-পেছনে ছিল তার নিজস্ব নিরাপত্তা দল সিএসএফ।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রকাশ না পেলেও রোববার বিষয়টি জানাজানি হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল কিংবা চালককে এখনো শনাক্ত করা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, দ্রুতগতিতে একটি মোটরসাইকেলে এসে এক ব্যক্তি বিএনপি চেয়ারম্যানের গাড়িতে স্কচটেপ দিয়ে খামটি লাগিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে সরে পড়েন। ওই সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তবে তা স্পষ্ট নয়। খামটি পুলিশকে হস্তান্তর করা হয়নি; এটি বর্তমানে সিএসএফের কাছে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ বলেন, “কয়েক দিন আগে বিএনপি চেয়ারম্যানের এক শুভাকাঙ্ক্ষী তার সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে একটি চিঠিতে নিজের কথা লিখে গাড়িতে ঝুলিয়ে রেখে গেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে ওই চিঠিতে কী লেখা ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।”
পুলিশ বলছে, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সিসি ক্যামেরা ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
















