পোস্টাল ব্যালটসহ তিন ইস্যুতে পক্ষপাতের অভিযোগ, ইসির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ তিনটি দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।
পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতমূলক সিদ্ধান্তসহ তিনটি ইস্যুতে বাংলাদেশ ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।
এর আগে সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হতে থাকেন। কর্মসূচিতে তারা নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তকে ‘পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ’ বলে দাবি করেন।
ছাত্রদলের উত্থাপিত তিন ইস্যু
১. পোস্টাল ব্যালটসংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছে, যা পুরো নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে।
২. একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করছে।
৩. একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
ছাত্রদলের নেতারা জানান, দাবি আদায় না হলে তারা আরও কর্মসূচির ঘোষণা দিতে পারেন। তবে কর্মসূচি ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
















