ব্যানার–বিলবোর্ডের আকার থেকে ড্রোন ব্যবহার পর্যন্ত নির্দিষ্ট বিধিনিষেধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনি প্রচারণা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ রাখতে সাত দফা নির্দেশনা জারি করেছে দলটি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থীদের নির্বাচনি প্রচারণা পরিচালনায় সাত দফা নির্দেশনা দিয়েছে দলটি।
রোববার (১৮ জানুয়ারি) রাতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান-এর স্বাক্ষরিত এক বার্তায় এসব নির্দেশনা জারি করা হয়।
বার্তায় জানানো হয়, আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা পুরোদমে শুরু হবে। এ সময় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল বা লিফলেট, প্রার্থীর ছবি (পোর্ট্রেট) এবং ভোটার স্লিপ ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত সব বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
সাত দফা নির্দেশনা
১. ব্যানারের সর্বোচ্চ আকার হবে ১০ ফুট বাই ৪ ফুট এবং বিলবোর্ড ১৬ ফুট বাই ৯ ফুট। ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল বা লিফলেট ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি, ছবি (পোর্ট্রেট) ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার এবং ভোটার স্লিপ ১২ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার নির্ধারণ করা হয়েছে।
২. নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।
৩. ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল বা লিফলেট, ছবি (পোর্ট্রেট) ও ভোটার স্লিপ সাদা-কালো রঙের হতে হবে। শুধু বিলবোর্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত লেখা ও ছবি রঙিন করা যাবে।
৪. প্রচারণায় ব্যবহৃত উপকরণে প্রার্থীর প্রতীক ও নিজের ছবির সঙ্গে কেবল বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট ব্যবহার করা যাবে।
৫. মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ না থাকলে কোনো ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট বা ফেস্টুন ব্যবহার করা যাবে না।
৬. একজন প্রার্থী একটি নির্বাচনি এলাকায় সর্বোচ্চ ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না।
৭. নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরনের উড়ন্ত যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনি আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ প্রচারণা নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া উল্লেখ করা হয়েছে।
















