শিশু ও নারীর নিরাপত্তা বিবেচনায় এক্সএআই’র চ্যাটবট বন্ধ
ফিলিপাইনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও এবং অশালীন কনটেন্টের ঝুঁকি দেখিয়ে ইলন মাস্কের চ্যাটবট ‘গ্রোক’ নিষিদ্ধ করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে ডিপফেক অর্থাৎ ব্যক্তির মুখ, কণ্ঠস্বর ও আচরণ নকল করে ভুয়া ভিডিও তৈরির বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই-এর তৈরি চ্যাটবট ‘গ্রোক’। ফিলিপাইন সরকার জানিয়েছে, বিশেষ করে শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনলাইনে অশালীন কনটেন্ট ছড়ানো রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিলিপাইনের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড কো-অর্ডিনেটিং সেন্টারের প্রধান রেনাতো পারাইসো বলেন, “গ্রোক এখনও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে। আমরা কেবল স্বতন্ত্র ওয়েবসাইটটি ব্লক করতে পেরেছি, যা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
সরকার জানিয়েছে, এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে চ্যাটবট ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ কঠিন হওয়ায় এক্সএআই-এর সঙ্গে আলোচনা করে কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে।
এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ, যেমন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া, গ্রোকের কনটেন্ট নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিষিদ্ধ করেছিল। ফিলিপাইনের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে এআই প্রযুক্তির ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে।
















