আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘনের আশঙ্কায় যৌথ জরিপের সিদ্ধান্ত
কথা না রাখায় বিএসএফের বিরুদ্ধে অভিযোগ, বিজিবির সঙ্গে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিষাকোটাল সীমান্তে সড়ক নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সোমবার (১২ জানুয়ারি) ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে বসে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
নাওডাঙ্গা ইউনিয়নের খালিষাকোটাল সীমান্তে অনুষ্ঠিত প্রায় ৩০ মিনিটের বৈঠকে ভারতের পক্ষে বিএসএফের ৩ ব্যাটালিয়নের কমান্ডার কে. কে. রাও এবং বাংলাদেশের পক্ষে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম উপস্থিত ছিলেন।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে সীমান্তের ওপারে কুর্শাহাট–দিনহাটা সড়কের কৃষিমত করলা এলাকায় চার লেনের সড়ক নির্মাণের জন্য বিএসএফ বিপুল সরঞ্জাম নিয়ে কাজ শুরু করে। বিজিবির আপত্তির পর কাজ সাময়িক বন্ধ রাখা হলেও পরে গোপনে আবার শুরু হয়।
অভিযোগ রয়েছে, সার্চলাইট জ্বালিয়ে রাতের অন্ধকারে দ্রুত নির্মাণকাজ চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের চেষ্টা করা হয়েছে। এর আগেও কয়েক দফা পতাকা বৈঠকে কাজ বন্ধ রাখার আশ্বাস দিলেও তা মানা হয়নি।
স্থানীয়দের দাবি, আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর সাব-পিলার ১ থেকে ১১এস পর্যন্ত এলাকায় বাংলাদেশের ভূখণ্ড ২০ থেকে ১০০ গজ পর্যন্ত বিস্তৃত থাকায় সেখানে নতুন সড়ক নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত আইনের আওতায় নতুন সড়ক নির্মাণের সুযোগ নেই, তবে পুরনো সড়ক সংস্কার করা যেতে পারে। বিএসএফ পুরনো সড়ক সংস্কারের কথা বললেও বিষয়টি যাচাই করতে যৌথভাবে সার্ভে করার সিদ্ধান্ত হয়েছে।
বিএসএফ এ বিষয়ে লিখিত চিঠি দেবে, এরপর উভয় দেশের যৌথ টিম ঘটনাস্থল পরিদর্শন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
















