রাষ্ট্র পরিচালনা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা জনগণের ম্যান্ডেটেই ঠিক হবে
জুলাই সনদের ভবিষ্যৎ নির্ধারণে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর
ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা নির্ধারণ করবে আসন্ন গণভোট—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। তিনি বলেছেন, এই গণভোট কেবল আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং বাংলাদেশের দীর্ঘমেয়াদি রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্ধারণে ঐতিহাসিক ভূমিকা রাখবে।
সোমবার রাজশাহীতে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে—এসব মৌলিক বিষয় জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নির্ধারিত হওয়া প্রয়োজন। সে কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব ‘হ্যাঁ’ ভোট দেওয়া।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও গণভোট আয়োজনের প্রশ্নে কোনো দ্বিমত নেই। সব রাজনৈতিক দলই একমত যে এটি জনগণের প্রত্যক্ষ মতামত নেওয়ার একটি ঐতিহাসিক সুযোগ।
















