শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারে ব্যর্থ হলে সরকারের পরিণতি ভয়াবহ হবে হুঁশিয়ারি আব্দুল্লাহ আল জাবেরের
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেছেন, শহীদ শরিফ ওসমান হাদির খুনের সঙ্গে পুরো রাষ্ট্রযন্ত্র জড়িত। প্রকৃত অপরাধীদের নাম বাদ দিয়ে যে ‘কাগুজে চার্জশিট’ (অভিযোগপত্র) তৈরি করা হয়েছে, তা তারা মানেন না। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল জাবের তার বক্তব্যে শহীদ ওসমান হাদির আদর্শের কথা স্মরণ করে বলেন, “হাদি ভাই বলতেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। তিনি সীমান্তে অন্যায়ের প্রতিবাদে আপসহীন ছিলেন। শত্রুর সঙ্গে সুশীলতা দেখিয়ে লাভ নেই, কুকুরের মোকাবিলা করতে হবে মুগুর দিয়ে। যারা সুশীলগিরি করে দেশের স্বাধীনতা দিল্লির কাছে বিকিয়ে দিতে চায়, তাদের আমরা ছাড় দেব না।”
সরকারের সমালোচনা করে জাবের বলেন, শহীদ ওসমান হাদির খুনের বিষয়ে বর্তমান সরকার কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। তিনি প্রশ্ন তোলেন, “জনগণ রক্ত দেবে আর আপনারা সুশীলগিরি করবেন—তা হবে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই, এই হত্যাকাণ্ডের বিচারে এ পর্যন্ত কী কী দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে?” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, এই হত্যার বিচার করতে ব্যর্থ হলে সরকারের পরিণতি কী হবে তা কেউ জানে না, এর ফয়সালা করবে সাধারণ জনগণ।
সমাবেশ থেকে আগামী দিনের কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়ে জাবের বলেন, “বুধবার আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। সেখানে কোনো সুশীলতা চলবে না। প্রয়োজনে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ না করানো পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।” এছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই হত্যাকাণ্ডকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলায় তার তীব্র নিন্দা জানিয়ে জাবের বলেন, এই সিইসি জনগণের সামনে ক্ষমা না চাওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আন্দোলন চলবে।
















