খালেদা জিয়ার প্রয়াণে ৩১ ডিসেম্বর একদিনের সরকারি ছুটি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর একদিনের সরকারি ছুটি ঘোষণা; দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে, তবে হিসাব সমাপণী কার্যক্রম প্রয়োজন অনুযায়ী চলবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের কারণে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে, তবে ব্যাংক হলিডে হিসেবেও গণ্য হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের মাধ্যমে সরকার নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করেছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপণী-২০২৫ সংক্রান্ত শাখা বা বিভাগগুলো প্রয়োজনে ব্যাংক কর্তৃপক্ষের নিজস্ব বিবেচনায় খোলা রাখতে পারবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, হিসাব সমাপণী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো প্রয়োজন অনুযায়ী অভ্যন্তরীণ ব্যবস্থাপনা গ্রহণ করবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।
আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
















