জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা উপাচার্য ভবনে তালা দিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ভোট স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে এক জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পৌনে নয়টার দিকে ভোট স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি জানাজানি হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ পরিস্থিতির কারণে আজকের জকসু নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে তিনি জানান।
ভোট স্থগিতের প্রতিবাদে সকাল থেকেই ক্যাম্পাসের ‘একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের দিকে যায়।
বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদার করে এবং প্রশাসনিক ভবনের বিভিন্ন ফটকে তালা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ‘মানি না মানব না, অবৈধ সিদ্ধান্ত মানব না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
















