দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক তদন্ত ও পদত্যাগসহ তিন দফা দাবি ঘোষণা
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থা যুক্ত করা, দ্রুত বিচার এবং দায়িত্বশীলদের পদত্যাগের দাবিতে তিন দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চ এক বিবৃতিতে জানিয়েছে, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাদার গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা প্রয়োজন। সোমবার (২২ ডিসেম্বর) প্রকাশিত ওই বিবৃতিতে তারা তিন দফা দাবি তুলে ধরে।
প্রথম দাবিতে বলা হয়, দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। পাশাপাশি তদন্তের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে মার্কিন গোয়েন্দা সংস্থা Federal Bureau of Investigation (এফবিআই) অথবা যুক্তরাজ্যের Scotland Yard–এর মতো আন্তর্জাতিক মানসম্পন্ন গোয়েন্দা সংস্থাকে তদন্তে যুক্ত করতে হবে।
দ্বিতীয় দাবিতে ইনকিলাব মঞ্চ বলেছে, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ভেতরে অবস্থানরত আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি আনতে হবে।
তৃতীয় দফা দাবিতে বলা হয়, এই হত্যাকাণ্ড প্রতিরোধে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের সামনে তাদের অপারগতার কারণ ব্যাখ্যা করে পদত্যাগ করতে হবে।
ইনকিলাব মঞ্চের বিবৃতিতে বলা হয়, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা। এই ঘটনায় দৃশ্যমান ও কার্যকর বিচার নিশ্চিত না হলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
















