পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পরিচালিত দুটি পৃথক অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে দ্য ডন।
আইএসপিআর জানায়, ১২ ও ১৩ ডিসেম্বর খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় সংঘটিত এসব অভিযানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট ফিতনা আল খারিজের ১৩ সদস্য নিহত হয়। পাকিস্তানের পক্ষ থেকে টিটিপি সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বোঝাতে ‘ফিতনা আল খারিজ’ শব্দটি ব্যবহার করা হয়।
বিবৃতিতে বলা হয়, খাইবার জেলার মোহমান্দ এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পাওয়ার পর গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গোলাগুলি হয়, এতে সাতজন নিহত হয়।
অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
এর আগে গত মাসে বান্নু জেলাতেই নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছিল। এছাড়া চলতি বছরের শুরুতে প্রকাশিত ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে পাকিস্তান দ্বিতীয় অবস্থানে ছিল, যেখানে আগের বছরের তুলনায় সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
















