সচিবালয়ে বৈঠক, কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা উপেক্ষা ডাকসু নেতাদের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং লীগের ‘সন্ত্রাসী’দের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন ১৪ সদস্যের প্রতিনিধিদল।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ একাধিক দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তারা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা শুরু করেন। তবে প্রতিনিধিদলের বাকি বিক্ষোভকারীরা তখনো শিক্ষা ভবন মোড়ে অবস্থান করছিলেন।
এর আগে, একই দাবিগুলো নিয়ে ডাকসু নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। সোমবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীরা সমবেত হয়ে স্লোগান দিতে থাকেন। এরপর তারা দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ের দিকে এগোতে গেলে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে সক্ষম হন।
ডাকসু নেতাদের মূল তিন দাবি হলো—শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা, দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং লীগের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিযুক্তদের গ্রেপ্তার করা।
















