যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্টকটন শহরে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় এক পারিবারিক অনুষ্ঠানে এ হামলা ঘটে।
স্টকটনের ভাইস মেয়র জেসন লি সামাজিকমাধ্যমে জানান, তিনি ঘটনাস্থলের তথ্য জানতে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে আছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা জানতে চাপ দেবেন।
সান জোয়াকিন কাউন্টি শেরিফ কার্যালয়ের মুখপাত্র হিদার ব্রেন্ট জানান, হতাহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়েই রয়েছে। হামলাটি একটি ব্যাংকয়েট হলে ঘটে, যার পার্কিং লট অন্যান্য ব্যবসার সঙ্গে ভাগ করা।
শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, মোট ১৪ জন গুলিবিদ্ধ হয়েছে এবং এ পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি টার্গেট করে করা হামলা হলেও তদন্তকারীরা সব দিক বিবেচনা করছেন।
স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার কিছু আগে লুসাইল অ্যাভিনিউর ১৯০০ ব্লকের কাছে গুলিবর্ষণের খবর পায় পুলিশ। তবে হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য এখনো প্রকাশ করা হয়নি এবং বেঁচে থাকা আহতদের অবস্থা সম্পর্কেও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় জানিয়েছে, তিনি এ ‘ভয়াবহ গুলির ঘটনা’ সম্পর্কে অবহিত হয়েছেন এবং পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।
















