নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের অনুমতি নিয়ে (ডিএমপি) আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ।
বাংলাদেশ নন-এমপিও (বেতনবিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত ২৩ আগস্ট সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে কর্মসূচি পালনের অনুমতি দেয় পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা এক চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান এবং মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে। কর্মসূচির জন্য মোট ২১টি শর্ত দেওয়া হয়েছে।
পুলিশের শর্তগুলোর মধ্যে রয়েছে—অনুমোদিত স্থানের বাইরে কোথাও কর্মসূচি পালন করা যাবে না; নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে; ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য প্রচার করা যাবে না; উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।
এ ছাড়া কর্মসূচিতে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না; আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড করা যাবে না এবং পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। মানববন্ধন চলাকালে সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করতে বলা হয়েছে।
পুলিশের অনুমতিপত্রে আরও বলা হয়, কর্মসূচির কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে কাউকে মানববন্ধন করতে দেওয়া যাবে না। কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।
নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বছরের পর বছর নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। আমাদের একটাই দাবি—যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা শান্তিপূর্ণ এ কর্মসূচি চালিয়ে যাব।
















