প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) প্রকৌশলী আবদুর রহমান সানি এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমানের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে করা মামলায় কাকন রানা (৩৫) নামে এক আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম-এর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিদর্শক মো. বিপুল হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাকন রানা ভুয়া ফেসবুক আইডি তৈরির বিষয়টি স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর এপিএস-২, ডা. জোবাইদা রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমনের নাম ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে।
তদন্ত কর্মকর্তার ভাষ্য, এসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতারণা, ব্ল্যাকমেইলিং এবং সম্মানহানির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার, ব্যবহৃত ডিজিটাল ডিভাইস এবং সিম কার্ড উদ্ধারসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
শুনানি শেষে আদালত সাত দিনের পরিবর্তে কাকন রানা-এর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, একটি সংঘবদ্ধ চক্র প্রধানমন্ত্রীর এপিএস-২ আবদুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে। এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে নানা ধরনের সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণা ও ব্ল্যাকমেইলিং করা হতো।
এ ঘটনায় আবদুর রহমান সানি-এর পক্ষে মো. মইনুল ইসলাম রনি গত ২৩ আগস্ট বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে কাকন রানাকে গ্রেপ্তার করে পুলিশ।















