আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদি ধর্মীয় দিবস তিশা ব’আভ উপলক্ষে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৪ হাজার ২০০–এর বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থী গোষ্ঠীর সদস্য প্রবেশ করেছেন। তাদের সঙ্গে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও কড়া পুলিশি নিরাপত্তায় সেখানে যান। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, এটি চলতি বছরের অন্যতম বৃহৎ অনুপ্রবেশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ সময় ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের প্রবেশপথে কঠোর বিধিনিষেধ আরোপ করে এবং বহু ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীকে প্রবেশে বাধা দেয়। একই সঙ্গে কয়েকজন মুসল্লিকে হেনস্তার অভিযোগও করা হয়েছে। ফিলিস্তিনি প্রশাসনের তথ্যমতে, ইসরায়েলি দর্শনার্থীদের সংখ্যা দিন শেষে আরও বাড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্সি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হামাস এ ঘটনাকে বিপজ্জনক উসকানি ও ঐতিহাসিক-আইনি অবস্থান পরিবর্তনের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বেন-গভিরের সফরের নিন্দা জানিয়ে এটিকে আল-আকসা মসজিদের পবিত্রতার অবমাননা এবং অগ্রহণযোগ্য উসকানি বলে উল্লেখ করেছে।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের অংশগ্রহণ ফিলিস্তিনি কর্মকর্তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, শুক্রবারের জুমার নামাজকে কেন্দ্র করে এ পরিস্থিতি আরও উত্তেজনা ও নতুন সংঘর্ষের জন্ম দিতে পারে।
















