পাকিস্তানের সর্বোচ্চ আদালত সম্প্রতি এক মাসের ব্যবধানে বিবাহিত নারীর অধিকার নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। বিশ্লেষকদের মতে, এসব রায় শুধু বিদ্যমান আইনের ব্যাখ্যাই স্পষ্ট করেনি, বরং আইন ও সামাজিক বাস্তবতার মধ্যে দীর্ঘদিনের ব্যবধানও তুলে ধরেছে।
প্রথম রায়ে আদালত জানিয়েছে, কোনো নারী নির্যাতন বা অন্য আইনি কারণে বিবাহ বিচ্ছেদের আবেদন করলে তার সম্মতি ছাড়া সেটিকে খুলার আবেদনে রূপান্তর করা যাবে না। আদালতের মতে, কোন আইনি পদ্ধতিতে বিচ্ছেদ চাইবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট নারীর।
আরেকটি রায়ে বিবাহিত সরকারি চাকরিজীবীদের স্বামী-স্ত্রীকে একই এলাকায় কর্মস্থল দেওয়ার নীতিমালার বৈধতা পুনর্ব্যক্ত করা হয়েছে। আদালত বলেছে, প্রশাসনিক সিদ্ধান্তের কারণে পারিবারিক জীবন অযৌক্তিকভাবে ব্যাহত করা উচিত নয়।
তৃতীয় রায়ে আদালত স্পষ্ট করেছে, বিয়ের সময় নারীর জন্য দেওয়া গয়না, উপহার এবং যৌতুক হিসেবে প্রাপ্ত ব্যক্তিগত সামগ্রী কেবল ওই নারীর সম্পত্তি। স্বামী বা তার পরিবারের সদস্যদের এসব সম্পদের ওপর কোনো আইনগত অধিকার নেই।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানে নারীর অধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন আইন থাকলেও অনেক ক্ষেত্রে নিম্ন আদালত, অনানুষ্ঠানিক সালিশ ব্যবস্থা এবং সামাজিক প্রথার কারণে নারীরা সেই অধিকার থেকে বঞ্চিত হন। সাম্প্রতিক রায়গুলো সেই বাস্তবতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।
প্রবন্ধে আরও বলা হয়েছে, এসব সিদ্ধান্ত শুধু মুসলিম নারীদের জন্য নয়, খ্রিস্টান নারীদের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। কারণ ভিন্ন ব্যক্তিগত আইন থাকলেও সামাজিক ও সাংস্কৃতিক চাপে তাদেরও একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।
পর্যবেক্ষকদের মতে, আদালতের এই রায়গুলো আবারও মনে করিয়ে দিয়েছে যে, বিবাহের পরও একজন নারী তার স্বতন্ত্র আইনগত পরিচয় ও সম্পত্তির অধিকার হারান না। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে নারীদের আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
















