ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাজধানীর একাধিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
কিয়েভের মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একজন কিশোরও রয়েছে। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় একটি গুদামঘর ও একটি বেসামরিক স্থাপনায় আগুন ধরে যায়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েও বিভিন্ন এলাকায় নতুন করে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
এই হামলার কয়েক ঘণ্টা আগেই ইউক্রেন সফরে এসে ইউরোপীয় কমিশনের সভাপতি ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন ড্রোন সহযোগিতা কর্মসূচির ঘোষণা দেন। এই উদ্যোগের মাধ্যমে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এবং ইউরোপের শিল্প সক্ষমতা একত্র করে যৌথভাবে ড্রোন উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে তিনি বলেন, উভয় পক্ষের প্রযুক্তিগত দক্ষতা ও শিল্প অবকাঠামো একত্রিত হলে প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং নিরাপদ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
চার বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে উভয় পক্ষের হামলা আরও তীব্র হয়েছে। এর ফলে বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে।
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, একই দিনে দেশের বিভিন্ন স্থানে রুশ হামলায় অন্তত ১৩ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। হামলায় শিল্পকারখানা, চিকিৎসাকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
















