ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর নবম মন্ত্রী পর্যায়ের নারী সম্মেলন সফলভাবে আয়োজনের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক গুরুত্ব অর্জনের সুযোগ তৈরি করেছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। দুই দিনের এই সম্মেলনে ওআইসির ৫৭টি সদস্য দেশের প্রায় ১৯০ জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলন শেষে পাকিস্তান আগামী দুই বছরের জন্য সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্বও গ্রহণ করেছে।
সম্মেলনে ইসলামাবাদ ঘোষণা (Islamabad Declaration) এবং একটি সমন্বিত প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি নারীদের ডিজিটাল অন্তর্ভুক্তি বিষয়ক ইসলামাবাদ উদ্যোগ (Islamabad Initiative on Women’s Digital Inclusion) চালু করা হয়, যার লক্ষ্য নারী শিক্ষার পাশাপাশি ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উদ্যোক্তা উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা বিষয়ে নারীদের সক্ষমতা বৃদ্ধি।
সম্মেলনের আলোচনায় নারীদের শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ, আর্থিক সেবায় প্রবেশাধিকার এবং প্রযুক্তিনির্ভর সহিংসতা ও সাইবার হয়রানি মোকাবিলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, কেবল নারী ক্ষমতায়নের সাধারণ আলোচনা নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়াই এ সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আইনমন্ত্রী আজম নাজির তারার সম্মেলনে নারীদের উন্নয়নকে জাতীয় কৌশলগত অগ্রাধিকারের অংশ হিসেবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও মন্ত্রী পর্যায়ের অধিবেশনে সভাপতিত্ব করেন।
ওআইসির সহকারী মহাসচিব ড. তারিগ আলী বাখিত বলেছেন, সম্মেলনের সাফল্য শেষ পর্যন্ত গৃহীত ঘোষণাপত্র বাস্তবায়নের ওপর নির্ভর করবে। একই সুরে পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানিও ঘোষণার চেয়ে বাস্তব পদক্ষেপকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, আগামী দুই বছর সম্মেলনের চেয়ারম্যান হিসেবে পাকিস্তানের হাতে থাকবে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন তদারকির সুযোগ। বিশেষ করে ডিজিটাল অন্তর্ভুক্তি কর্মসূচিকে কার্যকর রূপ দেওয়া এবং সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে পারলে ইসলামাবাদ বহুপাক্ষিক কূটনীতিতে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে।
তাদের মতে, সংকট ও নিরাপত্তা ইস্যুর বাইরে পাকিস্তান এবার উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং প্রযুক্তিনির্ভর সহযোগিতার মতো বিষয়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে। সফল আয়োজন এবং চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ দেশটির কূটনৈতিক গ্রহণযোগ্যতা ও সফট পাওয়ার বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
















