বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে। তাঁর মতে, এই বাজেট বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এমন একটি বাজেট প্রণয়ন করছে, যা ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক হবে। এর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কোরবানির পশুর চামড়া নিয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাব থাকায় অনেক ক্ষেত্রেই ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্য পাননি। ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেকেই চামড়া দান করে দেন, কিন্তু তাৎক্ষণিক সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া নষ্ট হয়ে যায়।
তিনি বলেন, চামড়া পচে গেলে এর গুণগত মান কমে যায়, ফলে নির্ধারিত দাম পাওয়া সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে সরকার এবার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। তবে এরপরও অনেক ক্ষেত্রে অবহেলা ও সচেতনতার ঘাটতির কারণে চামড়ার মান রক্ষা করা যায়নি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, কোরবানির চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
















