পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সেনাসদস্য বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।
রোববারের এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি।
বিস্ফোরণের পর কয়েকটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। রেললাইনের পাশের বহু বাড়িঘর ও ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কোয়েটার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিউটিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুড়ে যাওয়া গাড়ি ও উল্টে থাকা ট্রেনের বগি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হামলা বেড়েছে। বিশেষ করে বেলুচিস্তানে চীনের অবকাঠামো প্রকল্পের বিরোধিতার জেরে চীনা কর্মীদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের আওতায় চীনের শিনজিয়াং অঞ্চলকে পাকিস্তানের গওয়াদর বন্দরের সঙ্গে যুক্ত করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড পাকিস্তানের জনগণের মনোবল দুর্বল করতে পারবে না। সন্ত্রাসবাদ নির্মূলে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
















