দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিপজ্জনক রাসায়নিকভর্তি একটি বড় সংরক্ষণ ট্যাংক বিকলের ঝুঁকি দেখা দেওয়ায় প্রায় চল্লিশ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য বিস্ফোরণ বা রাসায়নিক ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি সেবা কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষিত ট্যাংকটিতে সমস্যা দেখা দেয়। এই রাসায়নিক প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় এবং আগুন লাগলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
ট্যাংকটি একটি মহাকাশ ও বিমানযন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভেতরে অবস্থিত। সেখানে আরও দুটি রাসায়নিক ট্যাংক রয়েছে।
দমকল বিভাগের কর্মকর্তারা জানান, ট্যাংকটি ফেটে গেলে রাসায়নিক ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হতে পারে। আর বিস্ফোরণ ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
তবে নিরাপদ দূরত্ব থেকে পানি ছিটিয়ে ট্যাংকের তাপমাত্রা কমাতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত সময় পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, সরিয়ে নেওয়ার নির্দেশের পরও কয়েক হাজার মানুষ এলাকা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। স্থানীয় মেয়র বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, মানুষ তাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও পোষা প্রাণী নিয়ে উদ্বিগ্ন থাকলেও পরিস্থিতি অত্যন্ত গুরুতর। এখন অপেক্ষা করার সময় নয়।
এদিকে এক ডজনের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কতদিন এই সরিয়ে নেওয়ার নির্দেশ বহাল থাকবে, তা এখনও নিশ্চিত নয়।
















