ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার (২৫ এপ্রিল) বিকালে উত্তর ইসরায়েলে বারবার হামলার পর দক্ষিণ লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণের নির্দেশ দিয়েছেন। খবর জেরুজালেম পোস্টের।
এর আগে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডের দিকে দুটি প্রজেক্টাইল নিক্ষেপ করে, যার ফলে উত্তর ইসরায়েলের মানারা, মারগালিয়ট ও মিসগাভ আম এলাকায় সাইরেন বেজে ওঠে বলে জানায় আইডিএফ।
প্রজেক্টাইলগুলোর একটি আইডিএফ সফলভাবে প্রতিহত করে এবং অন্যটি খোলা স্থানে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আইডিএফ জোর দিয়ে বলেছে, এই ঘটনা হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের দ্বারা যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন।
এর কিছুক্ষণ পর, হিজবুল্লাহ আইডিএফের ফরোয়ার্ড ডিফেন্স লাইনের দক্ষিণে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন পাঠায়। ড্রোনগুলো সেনাদের কাছাকাছি বিস্ফোরিত হয়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করল। এই যুদ্ধবিরতি ১৬ এপ্রিল শুরু হয়েছিল এবং প্রথমে ১০ দিনের জন্য নির্ধারিত থাকলেও পরে আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়।
















