ন্যায়বিচার পাওয়ার পথকে আরও সহজ ও মানবিক করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং গুম হওয়া ব্যক্তি বা তাদের ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূল্যে সরকারি আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ইতোমধ্যে আইনগত সহায়তা প্রদান নীতিমালা-২০১৪ সংশোধন করা হয়েছে, যার প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হতে পারে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
আর্থিক অসচ্ছলতা বা নানা প্রতিবন্ধকতার কারণে যারা বিচার থেকে বঞ্চিত হন, তাদের জন্য ন্যায়বিচারের পথ সুগম করতেই প্রণীত হয় আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০।
২০০৯ সালে জাতীয় আইনগত সহায়তার প্রধান কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই কার্যক্রম বাস্তব রূপ পায় এবং দেশজুড়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারিত হয়। বর্তমানে এই সেবা তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ সহায়তা পাচ্ছেন।
২০১৪ সালের নীতিমালায় কিছু ব্যতিক্রম যুক্ত করে আইনি সহায়তার আওতা আরও বাড়ানো হয়। এর আওতায় নির্দিষ্ট আয়সীমার মধ্যে থাকা অসচ্ছল ব্যক্তি, কর্মে অক্ষম বা বেকার মানুষ, স্বল্প আয়ের মুক্তিযোদ্ধা ও শ্রমিকরা সরকারি সহায়তা পেয়ে থাকেন।
পাশাপাশি শিশু, মানব পাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ভাতাভোগী, অসচ্ছল বিধবা বা দুস্থ নারীসহ সমাজের নানা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এ সুবিধার অন্তর্ভুক্ত।
নতুন সংশোধনের মাধ্যমে এই তালিকায় যুক্ত হলো— জুলাই যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং গুমের শিকার ব্যক্তি বা তাদের কারণে ক্ষতিগ্রস্ত পরিবার। ফলে রাষ্ট্রীয় সহায়তার পরিধি আরও বিস্তৃত হলো।
সরকারি তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৪ লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়া হয়েছে। এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ১৭৩ জন সেবা পেয়েছেন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১১ লাখ ১৮ হাজার ৩৭০ জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনি সহায়তা সেল থেকে সেবা পেয়েছেন ২৯ হাজার ৮২৯ জন।
জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বরে কল করে ১ লাখ ৯৫ হাজার ৭৬১ জন মানুষ আইনি পরামর্শ ও সহায়তা গ্রহণ করেছেন। ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এসব সেবা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বিনামূল্যে আইনি সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করে থাকে। এ বছরও দিবসটি পালনে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।













