সম্প্রতি ‘আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ থেকে রাজপথে হাসনাত আব্দুল্লাহর কঠিন হুঁশিয়ারি’ শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামীলীগ নিষিদ্ধের প্রতিবাদে রাজপথে হাসনাত আব্দুল্লাহর অবস্থানের নয়। প্রকৃতপক্ষে, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ২০২৫ সালের মার্চ মাসে হাসনাত আব্দুল্লাহর বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২২ মার্চে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। তবে, অডিওতে পার্থক্য লক্ষ্য করা যায়।
মূল ভিডিওটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চেয়ে সামনের সারিতে বক্তব্য দিতে দেখা যায়।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে আলোচিত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত একাধিক (১, ২) প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনগুলো পর্যালোচনায় জানা যায়, গত বছরের মার্চ মাসে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ সহ জুলাই আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি রেখে বক্তব্য রাখেন।
এছাড়া, ২০২৪ সালেও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
অর্থাৎ, আওয়ামীলীগ নিষিদ্ধের প্রতিবাদে নয় বরং, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের ভিডিও এটি।
সুতরাং, আওয়ামীলীগ নিষিদ্ধের প্রতিবাদে রাজপথে হাসনাত আব্দুল্লাহর অবস্থানের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।













