সুদানে অবৈধভাবে অস্ত্র সরবরাহের অভিযোগে যুক্তরাষ্ট্রে এক ইরানি নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযুক্ত ৪৪ বছর বয়সী শামিম মাফিকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলেও তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের পক্ষে থেকে ড্রোন, বোমা, বোমার ফিউজ এবং বিপুল পরিমাণ গোলাবারুদ বিক্রির মধ্যস্থতা করেছেন।
মার্কিন প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, এসব অস্ত্র সুদানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে বিক্রি করা হয়েছে। একটি ড্রোন চুক্তির মূল্য ছিল প্রায় ৭ কোটি ডলার।
মামলায় বলা হয়েছে, মাফি সুদানের একটি প্রতিনিধিদলের ইরান সফরের সমন্বয় করেন এবং এই চুক্তির বিপরীতে কয়েক মিলিয়ন ইউরো গ্রহণ করেন। এছাড়া তিনি হাজার হাজার বোমার ফিউজ বিক্রির জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন।
তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
তদন্ত সংস্থা বলছে, লেনদেন গোপন রাখতে তিনি বিভিন্ন অনানুষ্ঠানিক অর্থ লেনদেন পদ্ধতি ব্যবহার করেছেন, যা নিষেধাজ্ঞা এড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
গ্রেপ্তারের সময় তিনি তুরস্কগামী একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
সুদানে গত কয়েক বছর ধরে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে, যা ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই অভিযোগ আন্তর্জাতিক অস্ত্র ব্যবসার অস্বচ্ছ ও জটিল বাস্তবতাকে সামনে এনেছে, যেখানে সংঘাতে জড়িত পক্ষগুলো বিভিন্ন অনানুষ্ঠানিক পথে অস্ত্র সংগ্রহ করে থাকে।
















