ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি শুধু সাময়িক বিরতি নয়, বরং তা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি হিসেবে কাজ করতে হবে।
এক বার্তায় তিনি জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং যুদ্ধবিরতি মেনে নেওয়ার সিদ্ধান্তকে “সেরা সম্ভাব্য পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছেন।
ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, এই যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে সংশ্লিষ্ট সব পক্ষকে তা সম্পূর্ণভাবে মেনে চলতে হবে এবং লেবাননসহ সব সংঘাতপূর্ণ এলাকাতেও এর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, যুদ্ধবিরতি বিশ্বাসযোগ্য ও দীর্ঘস্থায়ী করতে এটি একটি অপরিহার্য শর্ত।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, এই সমঝোতা বিস্তৃত আলোচনার পথ খুলে দিতে হবে, যাতে মধ্যপ্রাচ্যের সব দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
তিনি ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক নীতি এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের বিষয়গুলো আলোচনায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন।
ম্যাক্রোঁ জানান, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ফ্রান্স একটি স্থায়ী ও শক্তিশালী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
এছাড়া তিনি কাতার, সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও ইরাকের নেতাদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা দীর্ঘমেয়াদি চুক্তির পথে অগ্রসর হওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।
















