মোট ৭২ দিনের অবকাশ, রমজান–ঈদে টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজ
শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের ছুটি তালিকা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি কলেজে এ বছর মোট ৭২ দিন ছুটি থাকবে; রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিনের অবকাশ নির্ধারিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৬ সালের সরকারি ও বেসরকারি কলেজের ছুটি তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী চলতি বছরে কলেজগুলোতে মোট ৭২ দিন ছুটি থাকবে, যা গত বছরের (৭১ দিন) তুলনায় এক দিন বেশি।
প্রকাশিত সূচিতে দেখা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের ছুটি নির্ধারিত রয়েছে।
ঈদুল আজহার জন্য ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিনের অবকাশ রাখা হয়েছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিন ছুটি থাকবে।
শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে। প্রতিবছরের মতোই প্রতিষ্ঠানপ্রধানের বিবেচনায় ব্যবহারের জন্য তিন দিনের সংরক্ষিত ছুটিও রাখা হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটি তালিকাও প্রকাশ করেছে, যেখানে মোট ছুটি নির্ধারিত হয়েছে ৬৪ দিন।















