ভারতের প্রতিরক্ষামন্ত্রী শোক বইতে বার্তা লিখে সমবেদনা প্রকাশ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তিনি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় তিনি হাইকমিশনে সংরক্ষিত শোক বইতে একটি বার্তাও লিখেন।
শোকবার্তায় রাজনাথ সিং লিখেছেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে।”
এর আগে বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ রাজনাথ সিংকে স্বাগত জানান।
শোক প্রকাশের এই পদক্ষেপকে কূটনৈতিক পর্যবেক্ষকরা ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রতি ভারতের শ্রদ্ধা ও বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখছেন।
















