ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফর কেবল শিষ্টাচারিক, কোনো দ্বিপাক্ষিক বা রাজনৈতিক আলোচনা হয়নি
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সফরটি দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ইঙ্গিত বহন করে না।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিকভাবে দেখা উচিৎ নয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও রয়েছে। তাই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন, যা শুধুমাত্র শিষ্টাচারিক দায়িত্ব।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জয়শঙ্করের সঙ্গে তার কথোপকথনে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি এবং কোনো দ্বিপাক্ষিক বিষয় আলোচনায় আসেনি। তিনি বলেন, “সফরটি অফিসিয়াল কাজের জন্য, দ্বিপাক্ষিক বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।”
প্রশ্ন ছিল, এই সফরের ফলে দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েন কমবে কি না—পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটার উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে।”
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ৩১ ডিসেম্বর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
















