পরিকল্পিত অপরাধ, রাজনৈতিক ব্যাকআপ ও পূর্বপরিকল্পনার দাবি এনসিপি আহ্বায়কের
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনাকে পরিকল্পিত অপরাধ উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারে সরকারকে বাধ্য করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও শহীদ শরিফ ওসমান হাদির নাম ব্যবহার করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ ধরনের ঘটনার মাধ্যমে সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা, রাজনৈতিক ব্যাকআপ এবং পূর্বপরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।
তিনি আরও বলেন, গণমাধ্যমে হামলা কেবল দুটি সংবাদপত্রের ওপর আঘাত নয়, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এই ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করতে হবে।
প্রতিবাদ সভাটি যৌথভাবে আয়োজন করে সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের বিকাশে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের দাবি।
















