উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার পর ভর্তি, চিকিৎসা চলছে সিঙ্গাপুরেই
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যায় তাকে সেখানে নেওয়া হয়, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে সেখানে নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভর্তি করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছানো হয় এবং সেখানেই তার চিকিৎসা চলবে।
এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে উন্নত নিউরোসার্জিক্যাল পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন ছিল।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে শরীফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত চলন্ত অবস্থায় তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।
বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন শরীফ ওসমান হাদি। তার শারীরিক অবস্থার পরবর্তী অগ্রগতি সম্পর্কে পরিবার ও চিকিৎসকরা নিয়মিত আপডেট দেবেন বলে জানা গেছে।
















