ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় অবস্থানে মালয়েশিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মালয়েশিয়ায় ২৬ হাজার প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। হাইকমিশন ও প্রবাসী সংগঠনের উদ্যোগে নিবন্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ভোটার নিবন্ধনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত দেশটিতে প্রায় ২৬ হাজার প্রবাসী বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে এই নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। হাইকমিশনের পাশাপাশি প্রবাসী কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোও মাঠপর্যায়ে সক্রিয়ভাবে নিবন্ধনে সহায়তা করছে।
বিশ্বব্যাপী প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যার ভিত্তিতে বর্তমানে মালয়েশিয়ার অবস্থান তৃতীয়, যদিও প্রবাসী বাংলাদেশি জনসংখ্যার দিক থেকে দেশটি দ্বিতীয় স্থানে রয়েছে। এই তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, সচেতনতা বৃদ্ধি ও সরাসরি সহায়তা কার্যক্রম জোরদার করা গেলে নিবন্ধনের হার আরও বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে মালয়েশিয়ায় অবস্থানরত সব যোগ্য প্রবাসী বাংলাদেশিকে দ্রুত পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
রোববার কুয়ালালামপুরের তিনটি রেমিট্যান্স হাবে হাইকমিশনের কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তা করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও নিজ নিজ উদ্যোগে মাঠপর্যায়ে কর্মসূচি চালাচ্ছে।
এদিকে কাম্পুংজায়া শাখা বিএনপির উদ্যোগে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় প্রবাসীদের পোস্টাল ভোট অ্যাপ নিবন্ধনে সরাসরি সহায়তা দেওয়া হয়। অন্যদিকে, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া কুয়ালালামপুরের চেরাস এলাকায় পৃথক নিবন্ধন কার্যক্রম আয়োজন করে, যেখানে শতাধিক কর্মজীবী প্রবাসী সরাসরি সহায়তার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী করবে। প্রবাসে থেকেও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের এই সুযোগকে অনেকেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
















