এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি, চলছে ভিসা ও ভর্তি প্রক্রিয়া
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও কিডনি কার্যক্রম সচল রয়েছে, তবে মস্তিষ্কজনিত জটিলতা প্রধান উদ্বেগ হিসেবে দেখছেন চিকিৎসকরা।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার সকালে তার পরিবার ও একাধিক সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রাথমিক শারীরিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন এবং কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে।
চিকিৎসক ডা. আহাদ জানিয়েছেন, হাদির ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে এবং কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে। তবে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো তার মস্তিষ্কের অবস্থা, যা এখনো গুরুতর পর্যায়ে রয়েছে।
জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এই সফরে তার সঙ্গে থাকবেন ভাই আবু বকর সিদ্দীক।
উল্লেখ্য, ওসমান হাদির গুরুতর অসুস্থতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আশ্বাস দিয়েছেন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ বিষয়ে হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
















